রুকু-১০
৮৩.
স্মরণ করো, তওবা করার মধ্যে কেমন খুঁত
বনি আদম শপথ নিলো কঠিন ও মজবুত
বললো ‘একই পথ
আল্লাহ ছাড়া করবো না আর কারোর ইবাদত
করবো নাকো পাপ
মিলেমিশে থাকবো স্বজন ভাই-বোন মা বাপ
এতিম ফকির মিসকিনদের সঙ্গে কথা কবো
সকল সময় জনগণের সঙ্গে সাথে রবো
আটকাবে না কোনো কিছুর বাধাই
জাকাত দেবো করবো নামাজ আদায়।’
কিন্তু কিছু মানুষ ছাড়া সবাই ভুলে গেলে
তেমনি আজও রয়ে গেছো সব ওয়াদা ফেলে।
৮৪.
তোমরা শপথ করেছিলে ভাবো চতুর্দিক
বলেছিলে ‘রক্তপাত আর ঘটাবো না ঠিক
কাউকে কোনো বাড়ি থেকে করবো না বের তাই
কারোর প্রতি কোনো রকম করবো না অন্যায়।’
তোমরাইতো সাক্ষী আছো এসব কথা বলার
উল্টে দেখো পাল্টে দেখো জীবনপাতা তলার।
৮৫.
কিন্তু সেসব শপথ কোথায় দেখছি কী সব আজ
বাড়াবাড়ি করছো খুবই তোমরা ফাঁকিবাজ
কাছের মানুষ কিংবা স্বজন পায় না নিরাপত্তা
ভাইদেরকেও যখন তখন করছো খালি হত্যা
সমাজ নিয়ে ইচ্ছে মতন করছো বাড়াবাড়ি
নিচ্ছো কেড়ে দুর্বলদের জমি ও ঘরবাড়ি
তোমরা জানি কোনো কিছুর ছাড় দিতে নও রাজি
করছো জুলুম বাড়াবাড়ি খাপছাড়া দলবাজি
যুদ্ধবন্দি মানুষ যখন কাতর হয়ে আসে
আদায় করো অনেক কিছু কী মহা উচ্ছ্বাসে
বাড়িছাড়া হয়ে তারা মুক্তি শেষে নিলো
এসব করা তোমাদের যে হারাম আদেশ ছিলো
তোমরা কি তাই খোদার আয়াত আধা আধা মানো
আধা করো অমান্য আর অবিশ্বাসে টানো?
করলে এমন ভেঙে হবে মর্যাদা খান খান
এই দুনিয়ায় লাঞ্ছনা আর জুটবে অপমান
আখিরাতেও শাস্তি পাবে খুবই কঠিনতর
সারাজীবন ভর।
তোমরা যে সব কী কী
আল্লাহ তা’লা তাবত জানেন ঠিকই।
৮৬.
এরাই তো সেই মানুষ যারা সকল কিছু জেনে
আখিরাতকে বেচে দিয়ে এই দুনিয়া কেনে
তিল পরিমাণ শাস্তি তাদের হবে না কম করা
কারো মদদ পৌঁছুবে না খাবে বেজায় ধরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন