শনিবার, ১৮ জুন, ২০১১

চাষীর ফসল

কাদামাটির মানুষ আমি মাঠের কৃষক চাষী
ক্ষেতখামারের কাজেকামে কাটাই বারো মাসই
মাঠে মাঠে সোনালি ধান যখন হাওয়ায় দোলে
সুখের পুলক লেগে লেগে উচ্ছ্বাসে বুক ফোলে।

আখের ফসল ন' মাস পরে দাঁড়ায় মাথা তুলে
এক বছরের দুঃখ জ্বালা নিমেষে যাই ভুলে
খেসারি যব ভুট্টা কলাই ধনে মটরশুঁটি
রাই সরিষা মসনে তিশি তিলের লুটোপুটি।

মুগ মসুরি ছোলার ক্ষেতে সবুজ রঙের মেলা
কাউন ভুরো গমের শীষে রত্নদানার খেলা
কচু পটোল মুলো পালং পুঁই টমেটোর ক্ষেতে
সকাল দুপুর মনটা আমার সদায় থাকে মেতে।

বরবটি শিম উচ্ছে ঝিঙে শশা ক্ষীরার আলে
যখন দাঁড়াই মন খুশিতে মধুর পরশ ঢালে
কুমড়ো আলু বেগুন কপি লাউ গাজরের ভূঁই
বেঁচে থাকার সাহস জোগায় যখন হাতে ছুঁই।

পেঁয়াজ-রসুন ঢেঁড়শ আদা ঝালের মাঠে মাঠে
ঘুরি ফিরি একলা একা ভরদিনমান কাটে
মেস্তা পাটের বাহার দেখে যায় জুড়িয়ে জান
মাঠে মাঠে ফসল ক্ষেতে আনে খুশির বান।

ফসল বুনি ফসল ফলাই আমার নিজের হাতে
লেখাপড়া জানিনে ছাই কী হয়েছে তাতে
উন্নয়নের কাজে কামে আমিও হাল ধরি
উৎপাদিত ফসল দিয়েই দেশের সেবা করি।
৩০.৩.২০০৯ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন