শনিবার, ১৮ জুন, ২০১১

সাবধান সাবধান

ইচ্ছে করে এমন কঠিন ছড়া লিখি
উড়ে যাবে অনিয়মের মাথার টিকি
দুর্নীতিবাজ গাছে দেবে গলায় দড়ি
ঘুষ খেকোরা ঘুষ পাবে না কানাকড়ি।

ফেটে যাবে দখলদারের মোটা ভুড়ি
কাটে যারা সড়ক-পথের গাছের গুঁড়ি-
ছড়া হবে তাদের গলার মরণ ফাঁসি
পালিয়ে যাবে দেশের যত সর্বনাশী।

ইচ্ছে করে এমন কঠিন লিখি ছড়া
অত্যাচারী করবে না আর নড়াচড়া
দাপটমুখো ভণ্ড নেতা পড়বে শুয়ে
গুণ্ডা যত হাঁটবে পথে মাথা নুয়ে।

নিপাত যাবে মারে যারা চালের কোটা
হারাম খেয়ে হচ্ছে যারা তাজা-মোটা
সামনে তাদের ছড়াই শুধু পথের কাঁটা
তারা হবে এই সমাজের কুত্তাচাটা।

শিগগিরই ঠিক এমন ছড়া লিখে
ছড়িয়ে দেবো দেশের চতুর্দিকে
আর হবে না অনিয়মের গান
গিলটি যারা সাবধান! সাবধান!
০৭.৬.২০১০ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন