মাছের দেশে মাছের আকাল নেই নদী খাল বিল,
রাগ করে তাই হারিয়ে গেছে মাছরাঙা বক চিল।
ভেদা মাছের জাত গিয়েছে যায় না দেখা হাটে
জাল ফেলে আর মাছ ওঠে না এখন কোনো ঘাটে।
তাইতো পেশা ছেড়েই গেছে অনেক অনেক জেলে
বাজার ঘাটে মেলে না আর কাকলে ফলুই বেলে।
চেলা মাছের মেলা কদর খুবই স্বাদের ঝোল
খুঁজে পাওয়া কঠিন এখন চ্যাং টাকি ও শোল।
খয়রা মাছের চকচকানি ফেল করে দেয় গোশ
খুবই স্বাদের মাছ ছিলো গো গজাড় ও কালবোস।
চান্দা পুটি দাড়কে পাকাল মলা ঢেলা ঝায়া
সামনে তেমন পড়ে না আর খরশুলা ও মায়া।
চুনো মাছের অভাব খুবই তোড়াপাকাল হাওয়া
খলসে বাইন সরপুটিমাছ যায় না কোথাও পাওয়া
ডোবা নালা ঝিলে এখন থাকে না আর কৈ
মাগুর ও শিং উঠলে হাটে যায় পড়ে হইচই।
চিতল পাঙাস মৃগেল বোয়াল নওলা কাতল নেই
রুই পাবদা টেংরা উধাও সবার অজান্তেই
বিলীন হয়ে যাচ্ছে স্বাদের দেশীয় সব মাছ
কেউ বোঝে না সবাই যেন খুব বোকা আলকাচ।
মাছের দেশে মাছ থাকে না কিইবা দেশের দাম
নামেই আছে ‘মাছে ভাতে বাঙালি’ এই নাম।
০১.৫.২০১০ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন