পূবাল হাওয়ার পিঠে চড়ে দখিন হাওয়া ভাসে
সুখের আবেশ নিয়ে তারা যায় ছুটে উল্লাসে
এলোমেলো দুষ্টু বাতাস দুষ্টুমিতে মাতে
হিমেল হাওয়া জান জুড়িয়ে যায় ফিরে জান্নাতে।
হিম বাতাসের সাথে সাথে চৈতী হাওয়া চরে
আপন মনে উতল হয়ে যায় বায়ু বন্দরে
উদাস হাওয়ার সঙ্গে ছুটে বাউল বাতাস চলে
নাম না জানা অচিন কোনো সবুজ বনাঞ্চলে।
উতাল হাওয়ার সাথে পাতায় ক্ষেপা পবন মিতে
মেঠো হাওয়া জমায় এসে মধুর কুটুম্বিতে
পাগলা হাওয়ার সাথে শীতল বাতাস থাকে মিলে
ঘুমায় তারা ক্ষেতখামারের আনকোরা মঞ্জিলে।
বাউরি বাতাস ঠাণ্ডা গরম ঝড়ো হাওয়ার চলা
মিষ্টি চপল শুষ্ক ভেজা দমকা ও চঞ্চলা
রঙ বেরঙের হাওয়া ছোটে ছন্দে পাগল করা
হাওয়ায় হাওয়ায় সুখের হলো মধুর বসুন্ধরা
২৫.৪.২০১০ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন