রবিবার, ১৯ জুন, ২০১১

গবেট টোকাই

জন্মের আগে বাপ মরেছে
মা মরেছে পরে,
জন্ম থেকেই পথে ঘাটে
দিইনি মাথা ঘরে।

শহর বাজার কাগজ কুড়াই
স্টেশনে থাকি,
সকাল-বিকেল খিদের জ্বালা
পেটেই চেপে রাখি।

সারা বছর উদোম থাকি
গরম কি বা শীতে,
কেউ ডাকে না একটা নতুন
জামা-কাপড় নিতে।

কারোর কাছে হাত পাতি যেই
মুখটা করে কালি,
অনেক সাহেব চড়-চাটি আর
জাত তুলে দেয় গালি।

আমি টোকাই চোর নাকি তাই
কেউ রাখে না কামে,
ধুঁকে ধুঁকে হচ্ছি বড়
গবেট টোকাই নামে।
০৫.১১.২০০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন