গাল তুল তুল পুতুল পুতুল মায়ায় ভরা মুখ
তার হাসিতে স্বর্গ থেকে নেমে আসে সুখ
সকাল দুপুর পায়ের নূপুর ছন্দে বাজে তার
একটু কিছু বললে খুবই মুখখানা হয় ভার।
দু চোখ ডাগর সাগর সাগর স্বপ্নাবতীর মতো
চাঁদের আলো কপালে তার দেয় যে আলো কতো
যুগল ঠোঁটে কুসুম ফোটে যখন সে হয় খুশি
চোখের পাতায় নাচে যেন চঞ্চলা মৌটুসি।
সদায় হাসি রাশি রাশি গালে পড়ে টোল
মনের কোণায় স্বপ্ন মেলা নাচে দোদুল দোল
স্বপ্ন দুলে মাথার চুলে তোলে চিকন সুর
সারা বাড়ির ঘোর কালিমা নিমেষে হয় দূর।
চলায় চলায় পায়ের তলায় সুর ওঠে এক তালে
সংসারে তাই স্বর্গপরী খোদার আশিস ঢালে
সবার সাথে দিনে রাতে মিলেমিশেই চলে
এর অবদান ঠিকই পাবে যায় কখনো জলে?
ধীরে ধীরে বছর চিরে অনেক বড় হবে
তার পরিচয় এবার আমি দিয়েই ফেলি তবে
পেয়ে যারে এ সংসারে পেলাম সুখের দিশা
সোনা মানিক নয়তো কিছুই বোনটি আমার তিসা।
২৯.৩.২০০৯ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন