মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

হারিয়ে যাবো

আমিতো হারিয়ে যাবো সব চেনা পথ ভুলে
ধরার মুকুর থেকে নেবো স্মৃতির ছায়া ভুলে

হিসাবের খাতাগুলো
ছিঁড়ে হবে তুলো তুলো
জীবনতরী এসে ভিড়ে গেল কূলে।

চেয়ে দেখি চারিদিকে সব রঙ হলো ফিকে
পাখিদের গুঞ্জন থেমে থেমে আসে
এই বুঝি দিন শেষে দিনমণি কোন বেশে
সাগরের শেষ নীল সীমানায় ভাসে
আনমনে চুপিচুপি মায়ার বাঁধন গেল খুলে
সব চেনা পথ ভুলে।

আঁধারের কালো নেমে গেল সব খেলা থেমে
মুখরিত কল্লোলে নেই লুটোপুটি
আঁখি দুটি আসে বুজে শেষ ঠিকানাটা খুঁজে
চির জনমের মতো হলো এই ছুটি
কোনো দিন কোনো ক্ষণে মৌমাছি বসবে না ফুলে
সব চেনা পথ ভুলে।
১৩.৯.২০১১ খ্রি.বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন