ফোঁকলা মুখে শুক তারা হও
তারার সাথে দোলো,
আলতো ছোঁয়ায় দাও ভরিয়ে
শূন্য মায়ের কোলও।
কাজল মাখা ডাগর চোখে
মায়ার ছবি আঁকো,
সারাবেলা এই মা মণির
হৃদয় জুড়ে থাকো।
চাঁদের আলোয় নেয়ে আসা
মিষ্টি হাসিগুলো,
দাও ছড়িয়ে উষ্ণ বুকে
রাঙিয়ে মনের ধুলো।
তুমি আমার মলিন গলায়
সুখের মতিমালা,
তোমায় পেয়ে দূর হয়েছে
হাজার দিনের জ্বালা।
চোখের কোণে স্বপ্ন তুমি
ওগো খোকন ছেলে,
আর কিছু নেই চাওয়া পাওয়া
তোমায় কাছে পেলে।
০২.৫.১৯৯০ খ্রি. কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন