এই ফাগুনের তপ্ত রাতে রপ্ত করি একলা জেগে থাকা
নির্জনতায় মলিন মুখে শূন্য হয়ে
রাতটা যখন খাঁ খাঁ-
তখন আমি আকাশ দেখি চোখ মেলে চাই তারার পানে পানে
অনেক খোঁজাখুঁজি করেও তোমাকে যে
পাইনে কোনোখানে।
তোমার চোখের নীল সাগরে কখন যে গো হারিয়ে গেছি আমি
সেই থেকে এই শুরু হলো জীবন জুড়ে
কল্পনা পাগলামি।
কেউ আমাকে পাগল বলে গোবরগনেশ বোকা বলে কেউ
এমনিভাবে সকাল কাটে দুপুর গড়ায়
বিকেল ও সন্ধেও।
তোমায় কেন ভালো লাগে জানি না তা নেই জানা সেই ভাষা
চাও যদি নাও দিতে পারি আমার বুকের
শ্রেষ্ঠ ভালোবাসা।
২৮.২.১৯৯৮ খ্রি. কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন