নিলাম ডাকে ঠক ঠিকাদার জুটছে কেন
নতুন রোডের খোয়া-পাথর ছুঠছে কেন
ভিলেন হাসি ওদের মুখে ফুটছে কেন
খাসজমিতে দালান-কোঠা উঠছে কেন
কেউ কি এসব ভাবেন?
ভাবতে গেলেই খুব জ্বালা টের পাবেন।
একের ভালো অন্যজনের সয় না কেন
রিলিফ টিআর বাস্তবায়ন হয় না কেন
ধনীর পাশে গরিব বাড়ি রয় না কেন
ওসির বিবির গলায় অতো গয়না কেন
সবাই জানি আমরা;
বললে পিঠের থাকবে না আর চামড়া।
ফেনসিডিলের চালান দেশে আসছে কেন
হেরোইনের ধোঁয়ায় সমাজ ভাসছে কেন
মোকদ্দমায় ভালো মানুষ ফাঁসছে কেন
পাচারকারী মধুর মধুর হাসছে কেন
বোঝেন কি এর ভ্যান্ত,
বুঝতে গেলেই থাকবা না আর জ্যান্ত।
পদ্মা সেতুর নির্মাণ কাজ বন্ধ কেন
শুরুর আগেই আত্মসাতের গন্ধ কেন
দুই ম্যাডামের মধ্যে ভীষণ দ্বন্দ্ব কেন
সমাজপতি স্বার্থ নিয়ে অন্ধ কেন
সবাই ওসব জানি;
বলতে গেলেই রক্ত হবে পানি?
রেলের গাড়ি ঠিক সময়ে যায় না কেন
হাসপাতালের ওষুধ রোগী পায় না কেন
বিরোধী দল দেশের ভালো চায় না কেন
পাওয়ারপার্টি রাঘব বোয়াল হায়না কেন
আমরা সবাই জানি,
বলতে গেলেই রক্ত হবে পানি।
সব মহাজন সুদে দাদন ছাড়ছে কেন
বিদ্যুত-গ্যাস-তেলের মূল্য বাড়ছে কেন
চামচা নেতা মঞ্চে দু হাত নাড়ছে কেন
বানানো সব মিথ্যে ভাষণ ঝাড়ছে কেন
সবাই এসব জানে,
বললে মাথা থাকবে না গর্দানে।
টাকা দিয়ে ওরা ক্যাডার পুষছে কেন
সৎ লোককে মিথ্যে করে দুষছে কেন
অর্থনীতির মুণ্ডু ধরে চুষছে কেন
খুনের নেশায় বুনো শুয়োর ফুঁসছে কেন
জানে দেশের সবাই,
বলতে গেলে হয়েই যাবেন জবাই।
সারাদেশে মিটিং মিছিল ধাওয়া কেন
এ দল ছেড়ে অন্য দলে যাওয়া কেন
সরকারি গাছ রাতারাতি হাওয়া কেন
রেলের জমি বেদখল ও খাওয়া কেন
বললে বাড়ে খেদ;
রাতের ঘোরে হবেন শিরশ্ছেদ।
নির্দোষদের দোষীরা কান মলছে কেন
গিবদ করে মন্দ কথা বলছে কেন
কাঁদুনে গ্যাস বুলেট বোমা চলছে কেন
পুলিশ পিকাপ মোটরগাড়ি জ্বলছে কেন
বললে আছে খবর;
দেখতে পাবেন মরার আগেই কবর!
আসল খুনি কৌশলে পার পাচ্ছে কেন
নিরপরাধ মানুষ জেলে যাচ্ছে কেন
ক্ষমতাসীন দলের মানুষ নাচ্ছে কেন
ফুর্তি মেরে লুটেপুটে খাচ্ছে কেন
বুঝছি মোটামুটি,
বলতে গেলেই ধরবে চেপে টুটি।
নিজের পাতে মোড়লরা ঝোল মাখায় কেন
সামান্যতেই কেউ কেউ দল পাকায় কেন
বিপদ আপদ ঠেকায় মামা কাকায় কেন
যোগ্যতা নয় সব কিছু হয় টাকায় কেন
বুঝতে সবই পারি,
বলতে গেলেই বাধবে মারামারি।
শেয়ার বাজার; খাপছাড়া দর পতন কেন
সাহেব বাবু টানছে মনের মতন কেন
সব জাগাতেই মিনিস্টারের যতন কেন
টেরর যারা তারাই দেশের রতন কেন
বুঝতে কী আর বাকি,
ভয়ের চোটে আসল ব্যাপার ঢাকি।
ক্যাডার ফ্যাডার চান্দাপাতি তুলছে কেন
রেল-জাহাজের লোহা পিতল খুলছে কেন
মামলা-কেসে নিরীহ লোক ঝুলছে কেন
কর্তা বাবুর মেদ ভুড়ি খুব ফুলছে কেন
যদি করেন ফাঁস,
দেখতে পাবেন যাবেই যাবে বাঁশ।
চাকরিগুলো এমপি বাবুর হাতে কেন
ফটকা ফাজিল ঘোরে ওনার সাথে কেন
বরাদ্দ যায় অলাভজনক খাতে কেন
মারিং কাটিং চলছে খুবই তাতে কেন
নড়ে না তার টনক;
বলিসনে ছাই উনি বিপজ্জনক।
ডাল সয়াবিন চালের বাজার গরম কেন
চাষীর ফসল পাটের মোকাম নরম কেন
সব বিভাগে দুর্নীতি আজ চরম কেন
সত্যি কথা বলতে অতো শরম কেন
ওগো মানিক চান,
বললে এসব থাকবে না আর জান।
ভোটের মাঠে কালো টাকা উড়ছে কেন
অফিসারের দালান আকাশ ফুড়ছে কেন
নেতার পেশো পরের জাগা জুড়ছে কেন
ইটের ভাটায় গাছগাছালি পুড়ছে কেন
আপনি ওসব জানেন,
বললে খাবেন ঘা প্যাদানি, মানেন?
এই জনমে পেট ভরে ভাত খাওনি কেন
অধিকারের কিছুই বুঝে নাওনি কেন
তোমার ভাগের খয়রাতি টিন পাওনি কেন
সে টিন দিয়ে নেতার ঘরের ছাউনি কেন
বুঝতে সবই পারো,
বললে খতম, দোষ দিয়ো না কারো।
দেশের ইলিশ পাশের দেশে ভাগছে কেন
বড় বড় নদীতে চর জাগছে কেন
সঠিক কাজেও অফিসে ঘুষ লাগছে কেন
জানতে চেলেই ওরা ভীষণ রাগছে কেন
আমরা ভালোই বুঝি,
বললে পুলিশ করবে খোঁজাখুঁজি।
দেশটা জুড়ে নেতায় নেতায় বড়াই কেন
ভালো মানুষ খুনের কেসে জড়ায় কেন
রাজনীতিতে সহিংস এ লড়াই কেন
এসব কথা বলছি আমি ছড়ায় কেন
কারণ আছে কারণ;
বললে ওসব বিপদ আছে
তাই তা বলা বারণ।
২৮.১০.২০১১
বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন