রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১২

ছড়া আছে ছড়া

আমার মাথায় ছড়া আছে

তোমার মাথায় ছড়া,

টাপুস টুপুস ঝরবে ঠিকই

করলে নড়াচড়া।


কিন্তু তুমি নড়ো না তাই

ছড়াটড়া পড়ো না তাই

অন্ত্যমিলের ছন্দগুলো

খুব মনে হয় কড়া;

আমার মাথায় ছড়া আছে

তোমার মাথায় ছড়া।


এই যে ধরো কালের সাথে তাল মিলিয়ে

অথবা আবডালের সাথে ঝাল মিলিয়ে

ফাল মিলিয়ে

হাল মিলিয়ে

খালের সাথে পাল মিলিয়ে

চাল ডাল আর গাল মিলিয়ে

খাতায় লিখে ফেলো;

ছড়া হয়ে গেলো।


আমের সাথে জাম মেলাও

খাম মেলাও

গাম মেলাও

শাম অথবা

রাম মেলাও

নাম মেলাও

কিংবা ধরাধাম মেলাও

কামের সাথে

দামের সাথে

ঘাম কি বা উদ্দামের সাথে

দাও মিলিয়ে পাম;

ভীষণ ভালো ছড়া হবে

ছড়িয়ে যাবে নাম।



ছড়া লেখা এক্কেবারেই সোজা

তোমার কাছে হয়তো ভারী বোঝা

মামার সাথে জামা লিখে

তামার সাথে হামা লিখে

ধামা লিখে

গামা লিখে

নামার সাথে থামা লিখে

করো ছড়ার মিল;

থেমো না এক তিল

এমনিভাবেই মজার মজার

ছড়া যাবে গড়া;

আমার মাথায় ছড়া আছে

তোমার মাথায় ছড়া।


আলুর সাথে বালু মেলাও

চালুর সাথে খালু,

তালুর সাথে ঢালু এবং

লালুর সাথে কালু-

তাজা মেলাও

ভাজা মেলাও

মাজা গাঁজা সাজা মেলাও

নড়ার সাথে চড়ার সাথে

ছড়া পেঁয়াজ বড়ার সাথে

দাও মিলিয়ে ঘড়া;

আমার মাথায় ছড়া আছে

তোমার মাথায় ছড়া।


ছড়া লেখা সহজ ব্যাপার জানি

ঘানির সাথে দাও মিলিয়ে পানি

নানির সাথে

রানীর সাথে

এবং অভিমানীর সাথে

বাণীর হবে মিল

বিলের সাথে ঝিল

কিংবা মেলাও হানাহানি

কানাকানি

জানাজানি

তার সাথে ফের টানাটানি

মজার সাথে গজা মেলাও

চড়ার সাথে ধড়া;

দিব্যি হবে ছড়া।


এমনি করেই খানার সাথে নানা বসাও

দানার সাথে ছানা বসাও

মানা বসাও

কানা বসাও

তার সাথে আস্তানা বসাও

ঘানার সাথে থানা

তার সাথে ধান ভানা;

এতে মজার ছড়া হবে

মধুর সুরে পড়া হবে

মানুষ হবে হেসে হেসে

আল্লাদে আটখানা।


লেখো লেখো হাতির সাথে ছাতি লেখো

বাতির সাথে নাতি লেখো

জাতি লেখো

তাঁতি লেখো

ঘাতি মাতামাতি লেখো

সাথি চড়ুইভাতি লেখো

আঁতিপাতি মাতামাতি

যদি পারো হাতাহাতি

লিখো ফেলো রাতারাতি

ঝাপের সাথে লাফ জুড়ে দাও

পাপের সাথে সাপ জুড়ে দাও

দাও জুড়ে কাপ চাপ;

হবে ছড়ার বাপ।


তালার সাথে যায় মেলানো ছালা

মালার সাথে খালা জ্বালা ডালা

বালার সাথে

কালার সাথে

ঘরের চালা পালার সাথে

যায় মেলানো থালা

কিংবা ঝালাফালা

মটির সাথে ঘটি মেলাও

বটি ও লটপটি মেলাও

ঠিকই পাবে তড়া;

আমার মাথায় ছড়া আছে

তোমার মাথায় ছড়া।


ভয় পেয়ো না ভয়;

ছড়া লেখা খুবই সহজ

কঠিন ব্যাপার নয়।

নদীর সাথে দধি

দাও মিলিয়ে যদি

কিংবা গদি

নিরবধি

মিলের ওপর মিল করো আর  

ছন্দ ভেঙে তিল করো আর

শব্দ করো জড়ো;

মজার ছড়া গড়ো।

০৬.১২.২০১১

বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন