২৪ ফেব্রুয়ারি ২০১২
১২ ফাল্গুন ১৪১৮
০২ রবিউস সানি ১৪৩৩
রোজ : শুক্রবার।
সকাল ১০টায় সদানন্দপুর অর্থাৎ ক্যাপটেন মুনসুর আলী রেলস্টশনে পৌঁছুতে হবে। সুন্দরবন এক্সপ্রেস আসে ওই সময়। ট্রেনের খবর জানতে চুয়াডাঙ্গার মাহফুজ নামের একজনের কাছে ফোন দিয়ে ট্রেনের খবর নিলাম। তিনি বললেন ওই ট্রেন ৩ ঘণ্টা লেটে ঢাকায় গেছে। ফিরতেও লেট হবে। তাই ভাবলাম একটু বিশ্রাম নিয়ে নিই। ১১টার দিকে উঠে বাসযোগে সদানন্দপুর রেলস্টেশনে পৌঁছুলাম। স্টেশনে এসে দেখি একটি বিশেষ বিজ্ঞপ্তি লিখে রাখা হয়েছে স্টেশনে। ৪ ঘণ্টা বিলম্বে আসবে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস। বিজ্ঞপ্তিটি পড়েই মাথা ঘুরে গেল। তার মানে এ ট্রেনটি সদানন্দপুর স্টেশনে পৌঁছুবে বেলা ২টার দিকে। কী করা যায়। স্টেশনের দায়িত্বপ্রাপ্ত এক ভদ্রলোক বললেন- এখন রাজশাহীগামী ধুমকেতু আসছে এতে ঈশ্বরদী পর্যন্ত চলে যান। সুযোগটি নিয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যেই ধুমকেতু চলে এলো। টিকিট পেলেও সিট মিললো না। ফলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছে গেলাম। যখন বেলা ১টা ১১ বাজে তখন বাইপাস স্টেশনে পৌঁছুলাম। ওখান থেকে একটি নসিমনযোগে ঈশ্বরদী স্টেশনে নামলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম একটি হোটেলে। এরপর সাড়ে ৪টার দিকে কপোতাক্ষ এক্সপ্রেস ধরে চুয়াডাঙ্গায় রওনা দিলাম।
ট্রেনে উঠে যা দেখলাম তাতে তো একেবারে হিম হয়ে যাওয়ার দশা। চেকারেরা টিকিটবিহীন যাত্রীদেরকে ধরে টাকা নিলেও টিকেট দিচ্ছেন না। তার মানে সরকারি টাকা সব হজম করে ফেলছে। চেকারদের কারণেই দিনদিন টিকিটবিহীন যাত্রীদের সংখ্যা দিনদিন বাড়ছে। চুয়াডাঙ্গা রেলস্টেশনে নেমে দেখলাম আরেক রকম তামাশা। একটু মজা করেই বলতে হয় ওই ট্রেনের চেকার চোর হলেও একেবারে বেঈমান নন। যেসব যাত্রীর কাছ থেকে ওনারা টাকা নিয়ে বাঁ পকেটস্থ করেছেন, নিজ দায়িত্বে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছেন। তারমানে চুয়াডাঙ্গা ওভার ব্রিজের কাঝে যিনি যাত্রীদের টিকেট নিচ্ছেন, তার হাতে কিছু গুঁজে দিয়ে গেলেন ঘুষ খেকো ওই কালোকোট পরিহিত এই চেকার। যাকে বলে চোরে চোরে মাসতুতো ভাই। অনেক মানুষই এসব দেখে নীরব থাকে। অকারণে ঝক্কিঝামেলা কেউ বাড়াতে চায় না। আমি যখন বাসায় পৌঁছুলাম তখন মাগরিবের আজান হয়ে গেছে। দেখলাম বাসায় আমার শ্বশুর এসেছেন। আমি খবই ক্লান্ত। তাই মাথাভাঙ্গার ম্যানেজারের কাছে ফোন দিয়ে বললাম আমার পক্ষে শনিবারের সাহিত্য সাময়িকী খেয়া সাজানো সম্ভব হচ্ছে না। তাই আগামীকাল শনিবার খেয়া প্রকাশ করা গেল না মর্মে একটি ঘোষণা দিয়ে দিতে হবে মাথাভাঙ্গায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন