সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১২

জাদু


কিশোর নাতি দাদার কাছে

বলল গিয়ে দাদু,

আমাকে আজ দাও শিখিয়ে

একটা নতুন জাদু।

ছুমন্তর বলব যখন

গাইবে চাষি গান,

গোয়ালভরা গরু হবে

গোলা বোঝাই ধান।

ভেলকি দিলেই ভরবে জলে

নদ নদী খাল বিল,

সবার সাথে হবে সবার

গলায় গলায় মিল।

এক তুড়িতেই যাবে ভরে

পুকুর মাছে মাছে,

ফল ফুলুরি ঝুলবে পেকে

আগান বাগান গাছে।

ফুঁ মারলেই ছড়িয়ে যাবে

সতেজ কোমল বায়ু

তাতে হবে সব মানুষের

একশো বছর আয়ু।

ম্যাজিক মেরে ঘরে ঘরে

পৌঁছে দেব সুখ,

উঠবে হেসে আমার সোনার

বাংলা মায়ের মুখ।


২৭.০২.২০১২ খ্রি.

বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন