বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১২

১৩ ফেব্রুয়ারি ২০১২

১৩ ফেব্রুয়ারি ২০১২
০১ ফাল্গুন ১৪১৮
২০ রবিউল আউয়াল ১৪৩৩
রোজ : সোমবার

            আজও বাইরে যাবো না। বাসায় বসে বসেই খাতা-কলমের পড়ে থাকা বাকি কাজগুলো সারবো বলে স্থির করলাম। সেভাবেই কাজ করতে লাগলাম। খাতা-কলমের কিছু অংশ রেখে যাওয়া মানেই জীবনের ছোট্ট একটি স্মৃতি রেখে যাওয়া। সে কারণেই লেখালেখি। পৃথিবী ছেড়ে চলে গেলে কিছুই থাকবে না। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষের মধ্যে আমাদের কথা স্মরণ করতে হয়তো কারো তেমন সময় হবে না; কিন্ত মানুষ চেষ্টা চালিয়ে যায়। যার যার স্থানে সেই সেই স্মরণীয় হয়ে থাকতে চায়। সামান্য স্মরণীয় বরণীয় হওয়ার বাসনা নিয়ে অনেকেই কাজ করে থাকে। আমি তাদের দলে নই। আমার দায়িত্ব থেকেই আমি কাজ করে যাই। সমাজ ও মানুষকে ভালো কাজে আহ্বান জানিয়েছেন পৃথিবীর সব মহামানব। আমি তাদের সাথে সুর মিলিয়ে বলি, এসো আমরা সবাই প্রতিদিন একটি করে ভালো কাজ করি, পৃথিবীতে কোটি কোটি ভালো কাজ হবে। এসো আমরা সব অন্যায় থেকে বিরত থাকি, পৃথিবীতে আর কোনো অপরাধ সংঘটিত হবে না।
            দুপুরের কোনো এক সময় কানে এলো হমায়ুন ফরীদির কথা। আমাদের চলচ্চিত্র জগতের কিংবদন্তী অভিনেতা তিনি। ভুগছিলেন ফুসফুসসহ বিভিন্ন রোগে। জানলাম আজ সকালে বাথরুমে পড়ে গিয়ে হুমায়ুন ফরীদি মারা গেছেন। চিত্রজগত কাঁপানো বীর মুক্তিযোদ্ধা এই শিল্পী বাংলাদেশ ও বাঙালিদের জন্য অনেক কিছু করেছেন। তার চলে যাওয়ায় চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হলো বলে অনেকের মতো আমিও মনে করি।
            রাত সাড়ে ৮টার দিকে প্রেসক্লাব চুয়াডাঙ্গায় গেলাম একটি সংবাদ সম্মেলনে। বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সংবাদ সম্মেলন শেষে মাথাভাঙ্গা দপ্তরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন