রবিবার, ১৭ আগস্ট, ২০১৪

কালকে যদি

কালকে যদি না পাও আমায় তবে
সাঁঝের বেলা তারার মাঝে খুঁজো
কেমন ছিলাম চুপি চুপি বুঝো
আমায় ছেড়ে কেমন করে রবে

হঠা যদি যাই হারিয়ে আমি
হয়তো ভীষণ লাগবে একা একা
এমন করে আর হবে না দেখা
যতই তখন করো না পাগলামি

চলে যাবো সব নিয়মের মতো
বাস্তবতা নিতেই হবে মেনে
হয়তো অনেক কষ্ট পাবে জেনে
চোখের পানি ঝরবে অবিরত

সাঙ্গ করে এই পৃথিবীর খেলা
মিলিয়ে যাব মোমের মতো ক্ষয়ে
চোখের জলে উঠবে ব্যাকুল হয়ে
এমন করেই ফুরিয়ে যাবে বেলা

এক দড়িতেই সবার যাওয়া বাঁধা
যাচ্ছি চলে কেউ আগে কেউ পরে
প্রস্তুতি নাও আসবে একই ঘরে
হবেই দেখা তবে কিসের কাঁদা?
১২ জুলাই ২০১২ খ্রি.
দৈনিক মাথাভাঙ্গা অফিস, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন