স্বাধীনতা মানে তির তির ঢেউ হাজারো নদীর কূল
শরতে আঁকানো হাশেম খানের পেঁজা পেঁজা কাশফুল
আকাশের নীল মায়াবি আলোয় পেখম ছড়ানো চাঁদ
জোছনার নদ রূপোলি সাগর ঢেউয়ে ঢেউয়ে উন্মাদ।
স্বাধীনতা মানে ঝিলে খালে বিলে চই চই করা হাঁস
শাপলা কমল কলমি লতার বাঁধ ভাঙা উল্লাস
মাছরাঙা বক ডাহুক সারস পানকৌড়ির গান
বুনো পাখিদের কাকলি কূজন কুহু কুহু কলতান।
স্বাধীনতা মানে কৃষকের ভূঁয়ে উল্লোলে দোলা ক্ষেত
উদাস বাউল বাউরি বাতাস উন্মুল অনিকেত
শিশুর গালের কচি কচি দাঁত মুখে আধো আধো বোল
মা’র কোলে বসে ফোকলা হাসিতে আল্লাদে উতরোল।
স্বাধীনতা মানে শুক-শারিদের সাজানো গোছানো ঘর
মুক্ত গগনে আলোর মিছিল পাখামেলা কবুতর
বাউল মনের অবারিত সুখ সীমাহীন খোলা মাঠ
অবসাদ হারা রাখাল ছেলের গরুচরা তল্লাট।
স্বাধীনতা মানে পল্লী বধূর ঘাটে যাওয়া ফালি পথ
মাথা উঁচু করে নির্ভয়ে চলা প্রতিবাদ-মতামত
বৃদ্ধ বাবার সারা জীবনের কাঙ্ক্ষিত এক রায়
শহীদের নামে পতাকা ওড়ানো বিনম্র শ্রদ্ধায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন