বাবা ও ছেলে
আব্বু বলেন_
তোর বড় এক ভাইয়া ছিলো
ভার্সিটিতে পড়তো,
আঁকতো ছবি বাংলাদেশের
টাট্টু ঘোড়ায় চড়তো।
হয়তো খোকা_
থাকলে আজও বীরের মতো
দেশের টানে লড়তো_
তার দরদি হাতে এ দেশ
স্বপ্ন দিয়ে গড়তো।
আমি বলি_
ভাইয়া এলে সোনার দেশে
পারবে সোনা ফলতে,
ভাইয়া তবে কোথায় গেছে
আমায় হবে বলতে।
নাকি আবার_
সেকেলে সব আলবদরের
কান গিয়েছে মলতে,
খুনি হয়েও যাদের দেখি
বুক ফুলিয়ে চলতে।
আম্মু বলেন_
একাত্তরে পাক সেনারা
হঠাত এ দেশ জুড়তে_
আসলো নিয়ে কামান-গুলি
সবার ওপর ছুড়তে।
দেশ বাঁচাতে_
তোর ভাইয়াও যুদ্ধে গেলো
লাগলো গুলি উড়তে,
যুদ্ধ শেষে ফেরেনি সে
হচ্ছে আমায় পুড়তে।
আমি বলি_
পুড়বে কেন এই যে তোমার
হাজার ছেলে আমরা,
এবার কোথাও পেলেই তাদের
তুলবো পিঠের চামড়া।
শোষণকারী_
এ দেশটাকে চায় বানাতে
পাকিস্তানি কামরা,
খুঁজছি, বলো কোথায় সে সব
একাত্তরের দামড়া?
-:o:-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন