আমি আমার বাপ দেখেছি মা দেখেছি
দাদা দাদি এবং তাদের মাকে
তারা এখন কোথায় কোথায় থাকে
মাঝে মাঝে স্বপ্ন হয়ে ডাকে
উঁকি দিয়ে ব্যথা ছড়ায়
হৃদয় শুধু মায়ায় জড়ায়
তাদের জন্যে মনটা কাঁদে
বুকের গহীন ফাঁকে।
এক এক করে হারিয়ে গেছে কাছের মানুষ
প্রাণের মানুষ আপন মানুষ কতো
এ সব কথা ভাবতে থাকি যতো
শ্রদ্ধাভরে মাথাটা হয় নত
দু চোখ ভাসে স্রোতের ধারায়
আবেগগুলো খুশি হারায়
ভাবনারা সব মাথায় জমে
ঝাপসা মেঘের মতো।
আদর সোহাগ আশিস স্নেহ ভালোবাসা
হাসি খুশির সাথী ছিলো যারা
কোন সুদূরে হারিয়ে গেল তারা
আমি হলাম সকল কিছু হারা
কারা যেন ডাকে আমায়
কাছে নিতে দু হাত নামায়
সংগোপনে কবে কখন
দিতেই হবে সাড়া!
০৭.০২.২০১৩ খ্রি.
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন