বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

আজ যে ছেলে হকার

ঘটি গরম ছোলা ভাজা বুট চানাচুর মুড়ি
ওই ছেলেটা বিকোয় বসে বাজিয়ে হাতের তুড়ি
স্টেশনে রেলগাড়ি বাস ফুটপাথে তার বাসা
ঘর বানাবে তুলবে বাড়ি নেই রকম আশা।

কোথায় কাটে দিন কিবা তার কোথায় কাটে রাতি
এসব নিয়ে তার মোটে নেই চিন্তা মাতামাতি
মাঝে মাঝে আধপেটা খায় আবার উপোস থাকে
কোনো রকম কাপড় দিয়ে উদোম শরীর ঢাকে।

খুলনা যশোর আলমডাঙ্গা পোড়াদাহ মিরপুর
ঢাকায় দেখি আজকে যদি কালকে বহু দূর
এমনিভাবেই ছোটার বহর শহর বাজার গ্রামে
এই দেখা যায় স্টিমারে; রেল থেকে ফের নামে।

নিজের হাতে আয় করে সে ধার ধারে না কারো
সেই ছেলেটার সাহস খুবই বয়স মোটে বারো
অনেকে দেয় ফাঁকিজুকি শেষ নেই তার ঠকার
একদিন সে মানুষ হবে আজ যে ছেলে হকার।
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
১৯ ফেব্রুয়ারি ২০১৩ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন