মনটাকে তোর ছুঁয়ে দিলাম সংগোপনে এসে
আধো আধো ঘুমের ঘোরে মুচকি হেসে হেসে
আলতো কদম ফেলে ফেলে অন্তঃকরণ মাঝে
মুঠো মুঠো দরদ দিলাম নিষ্ঠা বোধের ভাঁজে।
তোর দুঃখের মাঠে মাঠে আমার খুশি যত
বুনে বুনে দিই ছিটিয়ে সর্ষে দানার মতো
মন জমিনের কোণে কোণে বিলাই কত হাসি
নীল কষ্টের বনে বনে বাজাই মধুর বাঁশি।
রোজ রোজ তোর পথের পানে কেবল থাকি চেয়ে
জুড়াই কায়া ধীরে ধীরে ক্ষণিক দেখা পেয়ে
পথে পথে কোন মমতার আশিস সুধা রেখে
কোমল
স্নেহের মিঠে মিঠে পরশে দিই ঢেকে।
তোর কান্নার চোখ ছুঁই ছুঁই লোনা জলের ফোঁটা
আমার কাছে দামি দামি মুক্ত গোটা গোটা
ভয়ের কাঁপন দুরু দুরু সব ভাঁগাড়ে ফেলে
রাশি রাশি আদর সোহাগ দিলাম বুকে ঢেলে।
তোর চিত্তের চিলে কোঠায় ধাপে ধাপে উঠে
চুপি চুপি কখন গেছি গোলাপ হয়ে ফুটে
সুরে সুরে বাজিয়ে দিলাম প্রীতির গোপন বীণা
আমি তোকে ভালোবাসি টের পেয়েছিস কি না?
১২ জুলাই ২০১২
বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন