মন যাযাবর, চুপ থাকে না মোটে
ছন্নছাড়া সে আজ পাগলপারা
কিসের নেশায় এক নাগাড়ে ছোটে
হারায় দিশে আপন-স্বজন হারা।
আকাশ পানে রয় তাকিয়ে একা
এমনি মগন উদাস সময় কাটে
সাঁঝের তারা যখনই হয় দেখা
যায় হারিয়ে তারার মাঠে মাঠে।
কী যেন কী সারা বেলাই খোঁজে
সংগোপনে নেভায় বুকের জ্বালা
মন্দ ভালো কি আর তেমন বোঝে
অকারণে আনমনা উতলা।
চড়ে বেড়ায় আলো খেয়ার গাড়ি
যায় চলে দূর নাম না জানা পথে
বন বনানী সাগরও দেয় পাড়ি
স্বপ্ন ভাসায় হাওয়ার রথে রথে।
আকাশ-পাতাল সমান চলে ফেরে
একটুও নেই চলার বারণ মানা
বিশ্বটাকে হাতের মুঠোয় সেরে
বাউল মনের সব হয়ে যায় জানা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন