বাপ মরেছে মা মরেছে কোথায় থাকি খাই
দিন কেটে যায় অনাহারে নেই ঠিকানা ঠাঁই
পথে পথে ঘুরে বেড়াই পথেই পড়ে থাকি
মনের তাবত দুঃখ ব্যথা মনেই চেপে রাখি।
চোখের পানি ফেলে ফেলে ভর দিনমান কাটে
রোদে পুড়ে দু’হাত পাতি শহর বাজার হাটে
মাঝে মাঝে বিনা দোষেই দেয় লোকে কিল চড়
চরম আঘাত পেয়ে মুখের দাঁত করে নড়বড়।
কারোর মনেই আদর সোহাগ দেখিনে এক তিল
কেউ গালি দেয় আজেবাজে কেউ বা শাসায় কিল
কষ্ট বোঝার আপন স্বজন নেই পড়ে তাই কাঁদি
খিদের আগুন পেটে নিয়েই পাষাণে বুক বাঁধি।
অসুখ বিসুখ জ্বরে ভুগি হয় না ওষুধ কেনা
মরে গেলেও দেয় না মানুষ দুই টাকা ধার-দেনা
খুব অসহায় হয়ে আছি খাঁ খাঁ বুকের কোণ
এতিম অনাথ পথ শিশু আমরা দু’ভাই বোন।
১৪ সেপ্টেম্বর ২০১৪
হাজিবাড়ি, মুক্তিপাড়া,
চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন