সাজলো আকাশ নীল শাড়িতে কাঁচা সতেজ নীল
চাঁদের ঘাটে তারা নেয়ে বেশ করে ঝিলমিল
পেঁজা মেঘের তোষক পেড়ে ঘুমায় হাওয়ার দল
রোশনি পরা সূর্য থেকে নামে আলোর ঢল।
হাওড় বাঁওড় বিলে ঝিলে শাপলা ফোটে ওই
দিঘির জলে সাঁতার কেটে হাঁস করে চইচই
ঝরঝরিয়ে তরতরিয়ে জাগে নদীর কূল
চরে চরে মাথা দোলায় উতলা কাশফুল।
আবির মেখে সার ধরে যায় বালিহাঁসের ঝাক
করে উতাল মাতোয়ারা ঝিল্লি পোকার ডাক
জুঁই মালতি শিউলি টগর হঠাৎ হাসি পেলো
শ্বেত বলাকার ডানায় ভেসে শরৎ রাণী এলো।
০৮ আগস্ট ২০১৬
কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন