আকাশ তোমার মন বোঝা দায় বড়
এই তো নীরব হয়ে আছো চুপ থির
মনে মনে ফের মেঘের পাহাড় গড়ো
কখনও ভয়াল কখনও বা গম্ভীর।
দাপুটে হাওয়ায় রাগে-তেজে খুব ফোলো
মাতাল মেজাজে নাড়াও ইষাণ কোণ
খেপাটে হাওয়ায় এলোমেলো ঝড় তোলো
আইলা সিডর হারিকেন সাইক্লোন।
মুখ কালো করে ঝাপসা পাকাও আরো
হুঙ্কার দিয়ে ছাড়ো ভয়ানক সুর
বজ্রাঘাতে কত না জীবন কাড়ো
মাঝে মাঝে দাও সোনাঝরা রোদ্দুর
হয়ে যাও হিম সুরে রিমঝিম মাতো
ভরে দাও জলে নদী নালা খাল বিল
মেঘমালা ঘিরে আঁধারের জাল পাতো
রামধনুকের ছবি আঁকো অনাবিল।
চুমকুড়ি দিয়ে নিহার কুয়াশা ঢালো
মায়াবিনী রাতে ডাকো জোছনার বান
আবার কখনও তারাদের দীপ জ্বালো
সত্যিই তুমি বহুরূপী আসমান!
২৭ আগস্ট ২০১৪
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন