মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

আলোর পাখি আসবে



আসবে উড়ে আলোর পাখি আসবে
পরম খুশি আল্লাদে দেশ ভাসবে
বইবে হাওয়া মজার সুখে
ছড়িয়ে যাবে সবার বুকে
দেশের সবাই সবাইকে ফের
বড্ড ভালোবাসবে।

শান্তি নামের শ্বেত কবুতর উড়বে
ধীরে ধীরে সুনীল আকাশ ফুঁড়বে
আনবে চোখে স্বপ্ন খাসা
হৃদয় ভরা অনেক আশা
সব ভেদাভেদ ভাগিয়ে সে
সবারই প্রাণ জুড়বে।

শীতল শীতল নবীন হাওয়া উঠবে
গাছে গাছে শুক সারিরা জুটবে
মিল-মিতালি ঘরে ঘরে
আল্লাদে মন যাবে ভরে
সব মানুষে মুখে আবার
মধুর হাসি ফুটবে।
২৬ আগস্ট ২০১৪
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
# # # # #

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন